
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্সিলরদের নিয়ে ফের বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা ৬টায় কালীঘাটে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলকাতা পুরসভার আটটি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
যে আটটি ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা গঠিত, সেগুলি হল ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ এবং ৮২ নম্বর ওয়ার্ড। স্থানীয় স্তরে সংগঠনকে আরও মজবুত করা, নাগরিক পরিষেবার মান উন্নত করা এবং প্রশাসনিক সমন্বয় জোরদার করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, গত বছরের ১৬ ডিসেম্বর ভবানীপুর কেন্দ্রকে ঘিরে এসআইআর (SIR) পর্বের মধ্যে বিএলএদের নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় ভোটার তালিকা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল এবং প্রায় ৪০ হাজারের বেশি ভোটারের নাম বাদ পড়তে পারে, এমন আশঙ্কাও প্রকাশ পেয়েছিল। সেই প্রেক্ষাপটে কর্মীদের সতর্ক করা এবং মাঠপর্যায়ে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
এক মাসের ব্যবধানে ফের এই কেন্দ্রকে ঘিরে বৈঠক ডাকায় রাজনৈতিক মহলে তাৎপর্য বাড়ছে। তৃণমূলের একাংশের মতে, আসন্ন বিধানসভা নির্বাচন এবং এসআইআর সংক্রান্ত পরিস্থিতিকে মাথায় রেখেই সংগঠনকে আরও চাঙ্গা করতে এই বৈঠক। কাউন্সিলরদের কাছ থেকে ওয়ার্ডভিত্তিক কাজের অগ্রগতি, নাগরিক সমস্যার ফিডব্যাক এবং ভোটার তালিকা সংক্রান্ত তথ্য সরাসরি জানতে চাইতে পারেন মুখ্যমন্ত্রী।
ভবানীপুর মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র হওয়ায় এই এলাকার সংগঠন ও প্রশাসনিক বিষয় নিয়ে তিনি বরাবরই বিশেষ নজর রাখেন। ফলে এই বৈঠক শুধু সাংগঠনিক নয়, রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
