
২৬ শে টার্গেট বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর ফের বঙ্গ শহরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল জোড়াসভা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহের এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের বঙ্গ শহরের একদিনের বিরতির পর রাজ্যে আসছেন অমিত শাহ। তবেই প্রথমবার নয় এর আগেও একাধিকবার সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
অমিত শাহের সফরসূচি অনুযায়ী, এদিন গৌহাটি থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন সন্ধে নাগাদ। ৮. ০৫ নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন। তারপর নিউটাউনে নভোটেল হোটেলে বৈঠকে যোগ দেবেন শাহ এবং রাত ন’টা থেকে দশটা পর্যন্ত দলের নেতৃত্বদের সঙ্গে একটি বৈঠক করবেন। তারপরের দিন অর্থাৎ ৩১ শে জানুয়ারি জোড়া সভা রয়েছে অমিত শাহের। প্রথমে ব্যারাকপুরে কর্মী সভা, তারপর শিলিগুড়িতে জনসভা করার কথা রয়েছে। ভোটের আগে বিজেপির শক্ত ঘাটি উত্তরবঙ্গকে বেছে নিলেন শাহ?
শনিবার শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা গোসাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একটি মাঠে কর্মী সভা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার আগের দিন সমস্ত বিষয় খতিয়ে দেখলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পাঁচটি সাংগঠনিক জেলা তথা শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং জেলার কার্য কর্তাদের চাঙ্গা করতে কাল আসছেন গৃহ মন্ত্রী অমিত শাহ। কালকে অমিত শাহের জনসভা সফল হবে বলে আশাবাদী তিনি।
৩১ শে জানুয়ারি উত্তরবঙ্গে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা মোদির সেনাপতি অমিত শাহ। আর অন্যদিকে দিল্লিতে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের অস্ত্র এস আই আর ইস্যু এদিকে বিজেপির অস্ত্র অবৈধ বাংলাদেশি ভোটার- সব মিলিয়ে চরম পর্যায়ে পৌঁছেছে বঙ্গ রাজনীতি।
