
চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর অবশেষে তিহাড় জেল থেকে মুক্তি পেয়েছেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। দীর্ঘ ১১ দিন জেলে কাটানোর পর বাড়ি ফিরতেই পরিবারে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। অভিনেতার মুক্তির খবর প্রকাশ্যে আসতেই তাঁর ভাই চন্দ্রপাল যাদব সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে বলেন, “আমাদের জীবনে আবার ভালো সময় ফিরছে। আচ্ছে দিন আসছে।”
জানা গিয়েছে, ৯ কোটির চেক বাউন্স সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজপাল যাদব। পরে দিল্লি উচ্চ আদালত তাঁর আবেদন মঞ্জুর করে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। আদালত সূত্রে জানা গেছে, আগামী ১৮ মার্চ পর্যন্ত তাঁর সাজা স্থগিত রাখা হয়েছে। মূলত পরিবারের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই তিনি জামিনের আবেদন করেছিলেন।
এই ঘটনায় অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় ধাক্কা লাগলেও মুক্তির পরই নতুন সম্ভাবনার দরজা খুলতে শুরু করেছে। বলিউডের একাধিক প্রযোজক ও পরিচালক তাঁর পাশে দাঁড়িয়েছেন। জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শন তাঁর নতুন ছবিতে রাজপালকে কাজের প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে। এছাড়াও গায়ক গুরু রানধাওয়া তাঁর মিউজিক ভিডিওতে অভিনয়ের জন্য রাজপালকে আমন্ত্রণ জানিয়েছেন এবং অগ্রিম পারিশ্রমিকও পাঠিয়েছেন।
পরিবার সূত্রে খবর, এই কঠিন সময়ে বহু সহকর্মী এবং বন্ধু আর্থিক ও মানসিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এতে অভিনেতা ও তাঁর পরিবার নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন।
এখন সকলের নজর আগামী ১৮ মার্চের শুনানির দিকে। সেই দিন মামলার পরবর্তী শুনানিতে কী সিদ্ধান্ত হয়, তার ওপরই নির্ভর করছে অভিনেতার ভবিষ্যৎ। তবে আপাতত জেলমুক্তির পর পরিবার ও অনুরাগীদের সঙ্গে সময় কাটাচ্ছেন রাজপাল। তাঁর জীবনে এই নতুন অধ্যায় বলিউডে ফেরার পথ আরও মসৃণ করে তুলবে বলেই মনে করছেন অনেকে।
