
পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে ফের তীব্র আক্রমণ শানালেন Mamata Banerjee। সাম্প্রতিক জনসভা থেকে তিনি সরাসরি বিজেপি শাসিত রাজ্যগুলির প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন, সেখানে প্রকল্পগুলি শুধুমাত্র “টুকলি করে” চালু করা হয়, এবং বাস্তবে খুব কম মানুষই তার সুবিধা পান।
মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিভিন্ন সামাজিক প্রকল্প চালু হলেও তার সঙ্গে এত শর্ত জুড়ে দেওয়া হয় যে সাধারণ মানুষ বঞ্চিত হন। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, “ফোন থাকলে পাবেন না, স্কুটি থাকলে পাবেন না এই ধরনের শর্ত চাপিয়ে দেওয়া হয়। ফলে ১০ শতাংশ মানুষও সুবিধা পান না।” তাঁর দাবি, এই ধরনের নীতির ফলে প্রকল্পের আসল উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যায়।
এর বিপরীতে বাংলার পরিস্থিতি তুলে ধরে মমতা বলেন, এখানে কোনও ভেদাভেদ নেই। “আমরা দেখি না কে বাউড়ি, কে বাগদী, কে টুডু সকলের সমান অধিকার নিশ্চিত করা হয়,” বলেন তিনি। তাঁর কথায়, রাজ্যের প্রকল্পগুলি সমাজের সব স্তরের মানুষের জন্য উন্মুক্ত, এবং কোনও ধরনের বৈষম্য করা হয় না।
বিহারের উদাহরণ টেনে আরও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। মমতার অভিযোগ, ভোটের আগে সেখানে মহিলাদের হাতে টাকা তুলে দেওয়া হয়েছিল ব্যবসার নামে, কিন্তু পরে সেই টাকাই ফেরত চাওয়া হয়েছে। “মা-বোনেরা এক দিনের জন্য চান, নাকি সারা জীবনের জন্য সেই সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে,” বলেন তিনি।
নিজেদের কাজের প্রসঙ্গ তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা বলে, আমরা করব; আর আমরা বলি, আমরা ইতিমধ্যেই করেছি।” তিনি বিশেষভাবে উল্লেখ করেন ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের কথা, যা তাঁর দাবি অনুযায়ী, রাজ্যের প্রায় সব মহিলাই পাচ্ছেন।
এই মন্তব্যের মাধ্যমে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক তরজা আরও তীব্র হল বলে মনে করছেন বিশ্লেষকরা। একদিকে কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন, অন্যদিকে রাজ্য সরকারের সাফল্যের দাবি , ভোটের আগে রাজনৈতিক লড়াই যে আরও জমে উঠবে, তা বলাই যায়।
