
দক্ষিণ কলকাতায় আলোড়ন ফেলে তোলাবাজি ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত Biswajit Poddar ওরফে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালাল Enforcement Directorate (ইডি)। এই অভিযানে বিপুল পরিমাণ সম্পত্তি সংক্রান্ত নথি, নগদ টাকা এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।
ইডি সূত্রে জানা গিয়েছে, বালিগঞ্জের ফার্ন রোডে অবস্থিত বাড়ি-সহ শহরের প্রায় ১০টি জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়। সেখানে প্রায় ৩০০ পাতার জমি সংক্রান্ত দলিল উদ্ধার হয়েছে। এছাড়াও, বেহালায় সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা নগদ।
তল্লাশির সময় একটি দেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে, যা পরে স্থানীয় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। একটি বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করেছে ইডি। তদন্তকারীদের দাবি, অন্যের নামে থাকা একাধিক সম্পত্তির নথিও পাওয়া গিয়েছে, যা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত থাকতে পারে।
ইডি-র দাবি, সান এন্টারপ্রাইজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখেই সোনা পাপ্পুর সঙ্গে আর্থিক যোগসূত্রের হদিস মেলে। অভিযোগ, নির্মাণ কাজের নামে কোটি কোটি টাকা তোলা হত এবং সেই অর্থ প্রভাবশালীদের কাছে পৌঁছে দেওয়া হত।
উল্লেখ্য, সোনা পাপ্পুর বিরুদ্ধে অন্তত ১৫টি এফআইআর রয়েছে বলে জানা গিয়েছে। বালিগঞ্জ, কসবা, ঢাকুরিয়া ও তপসিয়ায় নির্মাণ প্রকল্পে তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হত বলে অভিযোগ উঠেছে।
তল্লাশির সময় অভিযুক্ত বাড়িতে উপস্থিত ছিলেন না। বর্তমানে তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে তদন্তকারী সংস্থা। ভোটের আগে এই অভিযান রাজনৈতিক মহলেও চাঞ্চল্য তৈরি করেছে।
