
কলকাতা: ভোট গণনার আগে তৃণমূলের কাউন্টিং এজেন্টদের নিয়ে গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকেই একাধিক নির্দেশ ও সতর্কবার্তা দেওয়া হয়েছে এজেন্টদের উদ্দেশে। কীভাবে গণনার দিন কাজ করতে হবে, কী কী বিষয়ে নজর রাখতে হবে, সবকিছু নিয়েই বিস্তারিত গাইডলাইন দেওয়া হয়েছে।
বৈঠকের শুরুতেই আত্মবিশ্বাসী সুরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে তৃণমূল বড় ব্যবধানে জিততে চলেছে। তাঁর দাবি, ২০০-র বেশি আসনে জয় আসবে। তবে সেই আত্মবিশ্বাসের মধ্যেই সতর্কতার বার্তা স্পষ্ট। তিনি এজেন্টদের নির্দেশ দেন, গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন কেন্দ্র না ছাড়েন। প্রয়োজনে রাত ২টো পর্যন্ত অপেক্ষা করতে হলেও থাকতে হবে।
মমতা আরও বলেন, মার্জিনাল আসনগুলিতে বিশেষ নজর দিতে হবে। যেখানে অল্প ব্যবধানে ফলাফল নির্ধারিত হচ্ছে, সেখানে রিকাউন্টিং-এর দাবি জানাতে হবে। পাশাপাশি তিনি সতর্ক করে দেন, বাইরের কোনও খাবার বা পানীয় গ্রহণ না করার জন্য। তাঁর আশঙ্কা, বাইরে থেকে দেওয়া খাবারে কিছু মিশিয়ে দেওয়া হতে পারে।
অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এজেন্টদের উদ্দেশে কড়া বার্তা দেন। তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। এক্সিট পোলের মাধ্যমে মানুষের মনোভাব প্রভাবিত করার চেষ্টা চলে। তাই কোনওভাবেই আত্মতুষ্টিতে ভোগা চলবে না।
তিনি আরও নির্দেশ দেন, গণনার সময় প্রতিটি ইভিএম মেশিনের নম্বর ও ফর্ম ১৭সি মিলিয়ে দেখতে হবে। কোথাও অসঙ্গতি থাকলে সঙ্গে সঙ্গে আপত্তি জানাতে হবে এবং প্রয়োজনে ভিভিপ্যাট গণনার দাবি তুলতে হবে। প্রতিটি ধাপ লিখিতভাবে নথিভুক্ত করারও পরামর্শ দেন তিনি।
অভিষেক আরও অভিযোগ করেন, নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, বহু জায়গায় সাধারণ মানুষ ও তৃণমূল কর্মীদের উপর অত্যাচার হয়েছে। এই পরিস্থিতিতে গণনার দিন আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
ভোট গণনার আগে তৃণমূল নেতৃত্বের এই বৈঠক স্পষ্ট করে দিচ্ছে, শেষ মুহূর্ত পর্যন্ত কোনও ঝুঁকি নিতে চাইছে না দল। কড়া নজরদারি ও সতর্কতার মধ্য দিয়েই গণনার দিন পার করার প্রস্তুতি নিচ্ছে শাসক শিবির।
