
নবগঠিত পশ্চিমবঙ্গ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে শনিবার কলকাতায় কড়া যান নিয়ন্ত্রণের ঘোষণা করল কলকাতা পুলিশ। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিতে শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থা নিয়ে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
শুক্রবার কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ বিজ্ঞপ্তি জারি করে জানান, প্রয়োজন অনুযায়ী শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তালিকায় রয়েছে এসপ্ল্যানেড র্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইনস্ওয়ে। পরিস্থিতি বুঝে আরও কিছু রাস্তায় নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে পুলিশ।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হল, শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে মালবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, অক্সিজেন, ওষুধ, শাকসবজি, মাছ, ফল ও দুধবাহী গাড়ির জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
শুধু যান চলাচল নয়, পার্কিং নিয়েও একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশপাশের বিস্তীর্ণ এলাকায় রাস্তার ধারে গাড়ি রাখা যাবে না। এজেসি বোস রোডের কিছু অংশ, হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে এবং লাভার্স লেন এলাকায় পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, নিরাপত্তা এবং ভিআইপি যাতায়াত নির্বিঘ্ন রাখতেই এই সিদ্ধান্ত।
শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও। ইতিমধ্যেই ব্রিগেড ও সংলগ্ন এলাকায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। প্রায় চার হাজার পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে বলে জানা গিয়েছে। আকাশপথ থেকেও নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, শনিবার সকাল ৮টা ৫ মিনিট নাগাদ দিল্লি থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেবেন মোদী। তাঁর সফর এবং শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে শনিবার কার্যত নজিরবিহীন নিরাপত্তা বলয়ে মোড়া থাকবে কলকাতা।
