কিছুদিন ধরেই জল্পনা, ফের নাকি ঘর ভাঙছে তারকা দম্পতির! আলোচনা জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মাহি ভিজ ও তাঁর স্বামী অভিনেতা জয় ভানুশালিকে নিয়ে। সত্যিই কি তাই? সোশ্য়াল মিডিয়ায় এবার এই গুঞ্জনের সপাট জবাব দিলেন অভিনেত্রী। বিরক্তি প্রকাশ করলেন জল্পনা ও কটূ মন্তব্যের উদ্দেশে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন যে ‘সব কিছু ঠিক আছে’।
নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন মাহি। তাতে লেখেন, ‘কিছু চ্যানেল এবং ইনস্টা পেজ সম্মান এবং মানবিকতা হারিয়েছেন। শুধুমাত্র কয়েকটা লাইক আর কমেন্টের জন্য। ধিক্কার।’ সম্প্রতি তাঁর স্বামীর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি। এরপরেই এই পোস্ট। জয় ভানুশালি ও মাহি ভিজ নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন, এই জল্পনা নিয়ে বেশ কিছুদিন ধরেই জোর জল্পনা চলছে।
সম্প্রতি যে সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী তাতে পরিষ্কার জানিয়েছেন যে এই বিষয়ে কাউকে সাফাই দেওয়ার প্রয়োজন বোধ করেন না তিনি। মাহির কথায়, ‘যদি এটা সত্যিও হয়ে থাকে, আপনাদের কেন বলতে যাব? আপনি কি আমার কাকা-জ্যাঠা? আমার আইনজীবীর খরচ বহন করবেন আপনারা? কেন লোকজন কারও বিচ্ছেদ বা ডিভোর্স নিয়ে এত মাতামাতি করেন? আমি তো দেখি, লোকজন এসে আমার কমেন্টে লেখেন, ‘মাহি তো ভদ্র, জয় ওরকম’। তারপর অন্য কেউ হয়তো লেখেন, ‘জয় ভালো, মাহিই এরকম।’ ওঁরা কেবল কোনও একজনের ওপর দোষ চাপাতে চায়। আপনারা আদৌ সত্যিটা জানেন? কী জানেন আপনারা?’
‘সিঙ্গল মাদার আর ডিভোর্স, দুটোকেই একটু আলাদা চোখে দেখেন এখানে মানুষ। ওঁরা ধরেই নেন যে এবার একটা বড় নাটক হবে, একে অন্যের দিকে কাদা ছোড়াছুড়ি করবে। আমার তো মনে হয় সমাজই একটা বিশাল বড় চাপ সৃষ্টি করে। নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচতে দিন।’ হটারফ্লাইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন তিনি।
২০১১ সালে গাঁটছড়া বাঁধেন জয় ও মাহি। তাঁদের তিন সন্তান, তারা, খুশি, রাজবীর। কাজের ক্ষেত্রে ‘লাগি তুঝসে লগন’ ধারাবাহিকে নকুশার চরিত্রে মানুষের মনে পাকাপাকি জায়গা করে নেন মাহি। ‘বালিকা বধূ’তে কাজ করেন এরপর। ‘খতরোঁ কে খিলাড়ি’, ‘ঝলক দিখলা যা’ বা ‘নাচ বালিয়ে’র মতো জনপ্রিয় রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছেন তিনি। ২০১৩ সালে ‘নাচ বালিয়ে ৫’-এ স্বামী-স্ত্রী একসঙ্গে অংশ নিয়েছিলেন তাঁরা। আপাতত অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি
