গত কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারলেও ইতালি আজও ফুটবল বিশ্বের অন্যতম বড় শক্তি। আজ পর্যন্ত মোট ৪ বার বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে আজ্জুরিরা। এমনকি গত ২০২১ এও তারা জিতে নেয় ইউরো কাপ। আর এ বার শুধু ফুটবলেই নয়, সেই সঙ্গে ২২ গজেও ইতালির জাদু দেখার অপেক্ষায় ক্রীড়া অনুরাগীরা। বুধবার দ্য হেগে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়ে আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছে ইতালির ক্রিকেট দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি ইউরোপীয় কোয়ালিফায়ার পর্বে স্কটল্যান্ডকে পর্যদুস্ত করার আগে গার্নসির বিরুদ্ধেও জয় পেয়েছে ইতালি। অন্যদিকে জার্সির বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির জেরে বাতিল হয়। সব মিলিয়ে একটি ম্যাচও না হেরে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ইতালি। বাকি আর একটি ম্যাচে। শুক্রবার ভুরবার্গে হতে চলা সেই ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পেলেই বিশ্বকাপের টিকিট জোগাড় করে ফেলবে দলটি। যদিও এই ম্যাচ অল্প ব্যবধানে হারলেও রান রেটের বিচারে কোয়ালিফাই করতে পারে তারা।
জাজবাত বাংলায় আরও পড়ুন
ইতালি মানেই মালদিনি, বুফোঁ, রবার্তো ব্যাজিওর মত কিছু চিরস্মরণীয় নাম। যাঁরা আলোড়ন তুলেছিলেন ফুটবলের দুনিয়ায়। এ বার পালা ক্রিকেটের। সেখানেও কিন্তু একটি নাম নেহাত কম ভারী নয়। চলতি কোয়ালিফায়ার পর্বে ইতালি দলকে নেতৃত্ব দিচ্ছেন জো বার্নস। তিনি অস্ট্রেলিয়ার হয়ে ২৩ টেস্টে করেছেন মোট ১,৪৪২ রান। সেঞ্চুরি ৪ টি।
নিজের দেশের হয়ে কখনও বিশ্বকাপের মঞ্চে নামতে না পারলেও এ বার ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী দলকে ক্রিকেটের বিশ্বকাপ খেলানোর স্বপ্ন দেখাচ্ছেন তিনি। যদিও আগামী বছর ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা এখনও নিশ্চিত নয় পুরোপুরি। পয়েন্ট তালিকায় রান রেটেও সবার ওপরে (+১.৭২২) দলটি। তবে তারা যদি ডাচদের কাছে বড় ব্যবধানে হেরে যায় এবং স্কটল্যান্ড বা জার্সির মধ্যে কোনও একটি দল বড় জয় পায় তা হলে তাদের প্রথমবার বিশ্বকাপ খেলার স্বপ্ন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে
