ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হারের পর প্রায় কেটে গিয়েছে এক মাস। ফের মাঠে নামছে মোহনবাগান। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ -এর ম্যাচে। প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের আহাল এফসি।
সবকিছু ঠিকঠাক থাকলে এতদিনে আইএসএল শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু ভারতীয় ফুটবলের টালমাটাল পরিস্থিতিতে তা হয়নি। মাসখানেক ম্যাচের মধ্যে না থাকায় কি অসুবিধেয় পড়বে সবুজ-মেরুন শিবির? এমনটা মনে করছেন না বাগান কোচ মোলিনা এবং দলের অন্যতম স্তম্ভ অনিরুদ্ধ থাপা। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুজনেই একই সুরে বলেছেন, “ম্যাচ না খেললেও যথেষ্ট প্রস্তুতি হয়েছে। গত এক মাসে প্রচুর পরিশ্রম করেছি আমরা। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।“
এদিকে প্লে-অফ জিতে খেলতে নামছে আহাল। তুর্কমেনিস্তানের ঘরোয়া লিগও চলছে। তাছাড়া সদ্য সমাপ্ত কাফাতেও জাতীয় দলের হয়ে খেলেছে আহালের বেশকিছু ফুটবলার। তারুণ্যে ভরপুর আহালের একমাত্র লক্ষ্য কলকাতা থেকে ৩ পয়েন্ট নিয়ে শহর ছাড়া। মোহনবাগানকে নিয়ে ভাবতে রাজি নয় তাদের কোচ এজিজ আননামুহাম্মেদভ। সাফ জানিয়েছেন, বিদেশি খেলোয়াড় ছাড়াই দলের তরুণ উঠতি ফুটবলারদের উপর সম্পূর্ণ ভরসা রয়েছে টিম ম্যানেজমেন্টের। মোহনবাগানে যতই তিন তিনজন বিশ্বকাপার থাকুক বা যুবভারতীর শব্দব্রহ্ম থাকুক, এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি তারা। যদিও যুবভারতীর বিশাল মাঠ দেখে খানিক চমকে গিয়েছে তুর্কমেনিস্তানের দলটি।
অন্যদিকে গোয়ার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেললেও সেভাবে প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে ছিল না সবুজ-মেরুন। যদিও মঙ্গলবার ঘরের মাঠে আহালের বিরুদ্ধে এগিয়েই নামবে তারা। কোচ মোলিনাও বললেন, “কীরকম খেলি কালই দেখবেন।“ মনবীর সিংকে পাবেন না। পুরো সময় পাবেন না শুভাশিস বসুকেও। রবসন, থাপাদের হয়ত শুরু থেকে খেলাবেন না। নামাবেন পরিবর্ত হিসেবে। তবে নবাগত ব্রাজিলিয়ান তারকার প্রশংসা করে গেলেন সাংবাদিক সম্মেলনে। বললেন, যেভাবে অল্প কিছুদিনের মধ্যেই দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন রবসন তাতে দশ-এ-১০ দেবেন তাঁকে।
কাদের পাবেন আর কাদের না, সেই নিয়ে কোনওদিনই খুব একটা ভাবেন না বাগানের স্প্যানিশ কোচ। তিনি বরাবরই কম কথা বলেন। তবে সোমবার বলেন, ভারতসেরা হয়েছেন, এবার লক্ষ্য এশিয়ার মঞ্চে নিজেদের প্রমাণ করা। তাঁর হাতে প্রচুর বিকল্প রয়েছে। প্রথম একাদশ নির্বাচনের ক্ষেত্রে তাই এটা কোনও সমস্যা নয়, বরং এটা সুবিধারই। কাদের নিয়ে শুরু করবেন সেই বিষয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত না দিলেও রক্ষণে দুই বিদেশি টম এবং আলবার্তো, সঙ্গে আশিস রাই-অভিষেক থাকবেন। মাঝমাঠে আপুইয়া এবং টাংরি। দুই প্রান্তে লিস্টনের সঙ্গে জুটি বাঁধতে পারেন কিয়ান। আক্রমণে দুই স্তম্ভ কামিংস এবং ম্যাকলারেন। তবে ম্যাকলারেনের শুরু করার সম্ভাবনা কম। সাহালকে দেখা যেতে পারে তাঁর জায়গায়।
অন্যদিকে কাফা নেশনস কাপে ভারতীয় দলের সাফল্য তাতাচ্ছে অনিরুদ্ধ থাপাকে। জাতীয় দলের সতীর্থদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের পারফরম্যান্স থেকে অনুপ্রেরণা নেবেন বলে জানিয়েছেন তিনি। তিনি সম্পূর্ণ ফিট তবে খেলবেন কি না তা নির্ভর করবে কোচের উপরই। গতবার মাঝপথেই থেমে গিয়েছিল এশিয়া অভিযান। এবার এশিয়া কাঁপাতে প্রস্তুত মেরিনার্স ব্রিগেড। সমর্থকদের কথা ভেবে থাকছে বিশেষ কিছু যাতায়াতের বন্দোবস্তও। সল্টলেক স্টেডিয়াম থেকে হাওড়া ময়দান পর্যন্ত রাত ৯.৩০টায় ছাড়বে শেষ মেট্রো। এছাড়া থাকছে স্টেডিয়াম থেকে বিকেল ৫-৭টা ও ৯.৩০-১১টা পর্যন্ত প্রায় ৩২টি রুটে বিশেষ বাসের ব্যবস্থা। সঙ্গে এই প্রথমবার বাবুঘাট ও আহিরিটোলা ঘাট থেকে বিশেষ ফেরি ব্যবস্থা চালু করা হয়েছে ম্যাচের জন্য।
