
আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগে আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ম্যাচ নেই। সেই সুযোগেই সপরিবারে লন্ডনে ফিরে গেলেন বিরাট কোহলি। কিছুদিন বিশ্রাম নেওয়ার পর তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) শিবিরে যোগ দেবেন। ব্যস্ত ক্রিকেট ক্যালেন্ডারের মাঝে পরিবারকে সময় দিতেই এই সফর বলে জানা যাচ্ছে।
সম্প্রতি দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলেছেন বিরাট। সিরিজ শেষ হতেই স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে লন্ডনে উড়ে যান তিনি। ইংল্যান্ডে ভারতীয়দের বড় জনসমাগম থাকায় বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে অনুরাগীদের সঙ্গে দেখা হচ্ছে বিরাট-অনুষ্কার। এক রেস্তোরাঁয় অনুরাগীদের সঙ্গে তোলা একটি সেলফি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হঠাৎ করে প্রিয় তারকাকে সামনে পেয়ে উচ্ছ্বসিত ভক্তরাও।
জানা যাচ্ছে, শীতের ছুটিতে এর আগেও মুম্বই ও দুবাইয়ে সময় কাটিয়েছেন বিরুষ্কা। এরপর বিজয় হাজারে ট্রফি এবং নিউজিল্যান্ড সিরিজে মাঠে নামেন বিরাট। আগামী কয়েক মাস জাতীয় দলের হয়ে ওডিআই ম্যাচ না থাকায় আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি পাচ্ছেন তিনি। সেই কারণেই পরিবারকে সময় দিতে লন্ডন সফরের সিদ্ধান্ত।
ক্রিকেট মহলে জোর আলোচনা, কেরিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে বিরাট ভবিষ্যতে অবসর নেওয়ার পর লন্ডনেই স্থায়ীভাবে থাকতে পারেন। বর্তমানে তিনি খেলার সময় ছাড়া বেশিরভাগ সময়ই ইংল্যান্ডেই কাটান।
এদিকে আইপিএল ২০২৬-এ ফের শিরোপা ধরে রাখাই লক্ষ্য আরসিবির। ২০০৮ সাল থেকে আরসিবির হয়ে খেলছেন বিরাট কোহলি। ২০২৫ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু। সেই সাফল্য বজায় রাখতে এবারও ফিটনেস ও প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চান না তিনি। লন্ডনে ছুটিতে থাকলেও নিয়মিত ট্রেনিং ও ফিটনেসের দিকে নজর রাখছেন কোহলি, যাতে আইপিএলের আগে পুরোপুরি প্রস্তুত হয়ে দেশে ফিরতে পারেন।
