
বিতর্কিত মন্তব্য করায় আইনি প্যাচে পড়তে হলো ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন খোদ বিজেপি বিধায়ক। প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি বিধায়ক অশোক দিন্দার করা মন্তব্যকে কেন্দ্র করে তপ্ত পূর্ব মেদিনীপুরের রাজনীতি।
গত ১১ ই জানুয়ারি ময়নায় আয়োজিত সভামঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা, এমনটাই দাবি পুলিশ সূত্রে । এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ১৪ই ফেব্রুয়ারি ময়না থানার পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয় । ১৭৯ ধারায় নোটিশ জেলা পুলিশের। গত ১৬ ই ফেব্রুয়ারি তাকে ডেকে পাঠানো হলে তিনি হাজিরা এড়িয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও জনপ্রতিনিধিদের মধ্যে নজির বিহীন সংঘাত তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, তার কাছে নোটিশ পৌঁছালেও তিনি হাজিরা এড়িয়ে গেছেন। পাল্টা অশোক দিন্দার আইনজীবীর পক্ষ থেকে একটি আবেদন জমা পড়েছে। সেখানে লেখা রয়েছে, বিজেপি বিধায়ক তথা অশোক দিন্দা একটি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায়, তাই এখনই তিনি উপস্থিত থাকতে পারছেন না। তাই বিধায়ককে কিছুটা সময় দেওয়া হোক। পুলিশ সুপার জানিয়েছে, তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অশোক দিন্দার করা এহেন মন্তব্য এবং পুলিশের নোটিশ প্রসঙ্গে তার সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। বিজেপি বিধায়কের পক্ষ থেকে কোন সাড়া না মেলায় রাজনৈতিক মহলে জল্পনা আরো বাড়ছে। এখন দেখার বিষয়, আইনের রক্ষকদের বিরুদ্ধে বিজেপি বিধায়কের করা অভিযোগ প্রমাণ হয় কিনা! নাকি এই সংঘাত আইনের লড়াইয়ের দিকেই মোড় নেয়।
