
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্ভার সমস্যার জেরে যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়ায় বড়সড় বিঘ্ন ঘটেছে। মঙ্গলবার সকাল থেকে ওয়েবসাইট খুলছে না বলে অভিযোগ বহু বেকার যুবক-যুবতীর। ফলে অনলাইনে আবেদন করতে না পেরে বাধ্য হয়ে বিভিন্ন ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিতে হচ্ছে আবেদনকারীদের।
রাজ্য সরকারের পক্ষ থেকে সম্প্রতি অনলাইন আবেদনের সুযোগ চালু করা হয়েছিল, যাতে আবেদনকারীদের ক্যাম্পে ভিড় কমে। কিন্তু https://apas.wb.gov.in পোর্টালে ঢুকতে গেলেই ‘This site can’t be reached’ বার্তা দেখাচ্ছে বলে অভিযোগ। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সমস্যার সমাধান না হওয়ায় বহু আবেদনকারী সরাসরি ক্যাম্পে হাজির হচ্ছেন।
উল্লেখ্য, যুবসাথী প্রকল্পের আবেদন শুরু হতেই বিভিন্ন জায়গায় ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছিল। সেই চাপ কমাতেই নবান্ন থেকে অনলাইনে আবেদন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সার্ভার বিভ্রাটের কারণে সেই উদ্যোগ আপাতত সমস্যার মুখে পড়েছে।
অনলাইনে আবেদন করতে হলে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। এরপর প্রয়োজনীয় নথি আপলোড করে ফর্ম জমা দিতে হয় এবং আবেদনপত্র ডাউনলোড করে রাখতে হয়। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারছেন না অনেকেই।
এই পরিস্থিতিতে আবেদনকারীদের ভিড়ে বিভিন্ন ক্যাম্পে চাপ বাড়ছে। প্রযুক্তিগত সমস্যা দ্রুত সমাধান করে স্বাভাবিক আবেদন প্রক্রিয়া চালু করার দাবি জানিয়েছেন আবেদনকারীরা।
