
২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারের পারদ চড়ছে জঙ্গলমহলে। বুধবার পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের বরাবাজারে তৃণমূল প্রার্থীদের সমর্থনে এক বর্ণাঢ্য রোড শো করলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী (দেব)। প্রিয় তারকা সাংসদকে এত কাছ থেকে দেখতে এদিন সকাল থেকেই বরাবাজারের রাজপথে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
দলীয় সূচি অনুযায়ী, সকাল দশটায় রোড শো শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা দেরিতে পৌঁছন অভিনেতা। বেলা সাড়ে এগারোটা নাগাদ হেলিকপ্টারে করে বরাবাজারের রাগমার মাঠে নামেন তিনি। দেবের আগমনের খবর ছড়িয়ে পড়তেই ভিড় আরও বাড়তে থাকে। মাঠ থেকেই তাঁকে ঘিরে স্লোগান দিতে শুরু করেন কর্মী-সমর্থকরা।

এরপর বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজীব লোচন সরেনকে পাশে নিয়ে একটি হুডখোলা থার গাড়িতে চেপে রোড শো শুরু করেন দেব। বরাবাজারের প্রধান সড়ক দিয়ে প্রায় তিন কিলোমিটার পথ পরিক্রমা করে এই শোভাযাত্রা। চড়া রোদ ও গরমকে উপেক্ষা করে হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ দেবের সঙ্গে পা মেলান। রাস্তার দু’ধারে বাড়ির ছাদে ও বারান্দাতেও মানুষের ভিড় ছিল লক্ষ্যণীয়।
বরাবাজারের রোড শো শেষ করে দেব হেলিকপ্টারে করে বলরামপুরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে তাঁর আরও একটি রোড শো করার কথা রয়েছে।

এদিনের কর্মসূচি প্রসঙ্গে বান্দোয়ানের প্রার্থী রাজীব লোচন সরেন বলেন, নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে শুরু হলেও মানুষের উৎসাহে কোনো ভাটা পড়েনি। তীব্র গরম উপেক্ষা করেও যেভাবে মানুষ দেবকে দেখতে এবং আমাদের সমর্থন জানাতে রাস্তায় নেমেছেন, তাতে আমি নিশ্চিত যে নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে এবং আমাদের জয় সুনিশ্চিত হবে।
তৃণমূল শিবিরের দাবি, দেবের এই জনসংযোগ জঙ্গলমহলে দলের নেতা-কর্মীদের বাড়তি অক্সিজেন জোগাল। ভোটযুদ্ধের আগে তারকা প্রচারকের এই উপস্থিতি বিরোধী শিবিরের ওপর মানসিক চাপ তৈরি করবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
