
মুর্শিদাবাদের নবগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূল কর্মী-সমর্থকদের একটি বাস। বুধবার ১২ নম্বর জাতীয় সড়কে বাস ও একটি ছোট লরির মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নবগ্রামের ভোলাডাঙা ময়দানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শেষ করে বাসটি কর্মী-সমর্থকদের নিয়ে ফিরছিল। পমিয়া সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ছোট লরির সঙ্গে বাসটির সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার শব্দ শুনেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারে ছুটে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর টোল প্লাজার অ্যাম্বুলেন্স। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে প্রথমে পলসণ্ডা প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের তড়িঘড়ি বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল এবং হাসপাতালে ছুটে যান নবগ্রাম ব্লক ও শিবপুর অঞ্চলের তৃণমূল নেতৃত্ব। জখম কর্মীদের চিকিৎসার তদারকি করেন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে ১২ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। ঘাতক গাড়িটির সন্ধানে ও দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে আহতদের সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
