আগামী রবিবার মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)। কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ২৮ জুন রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা এই সেতু দিয়ে সমস্ত রকম যানবাহন চলাচল স্তব্ধ থাকবে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (HRBC) এই সময়কালে সেতুর স্টে কেবল, হোল্ডিং-ডাউন কেবল এবং বেয়ারিং পরিবর্তনের মতো অত্যন্ত জরুরি প্রযুক্তিগত কাজ সম্পন্ন করবে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কাজ নির্বিঘ্নে শেষ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেহেতু রবিবার দিনভর এই গুরুত্বপূর্ণ সেতুটি বন্ধ থাকছে, তাই কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতকারী নাগরিকদের জন্য ট্রাফিক পুলিশ একগুচ্ছ বিকল্প রাস্তার হদিস দিয়েছে। যানজট এড়াতে কোন দিকের গাড়ি কোন পথে ঘুরিয়ে দেওয়া হবে, আসুন জেনে নেওয়া যাক--
১)এজেসি বোস রোড থেকে জিরুট আইল্যান্ডের দিক থেকে যে সমস্ত পশ্চিমমুখী যানবাহন বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়ার কথা, সেগুলিকে টার্ফ ভিউ হয়ে গ্রেড রোড, হেস্টিংস ক্রসিং, সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের (রবীন্দ্র সেতু) দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
২)জে অ্যান্ড এন আইল্যান্ড থেকে কে.পি. রোড ধরে বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলিকে ১১ নম্বর ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ে পাঠানো হবে। সেখান থেকে গাড়িগুলি স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরবে।
৩)খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে আসা পূর্বমুখী যানবাহনগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড এবং স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৪)ওয়াই-পয়েন্ট র্যাম্প দিয়ে বিদ্যাসাগর সেতুগামী গাড়িগুলিকে ওয়াই-পয়েন্ট থেকে ঘুরিয়ে কে.পি. রোড, ১১ নম্বর ফারলং গেট, পুনরায় কে.পি. রোড এবং রেড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে চালনা করা হবে।
যানচলাচলের পরিস্থিতি এবং গাড়ির চাপের ওপর ভিত্তি করে প্রয়োজন মনে হলে শহরের অন্যান্য সংযোগকারী বা আর্টেরিয়াল রোড থেকেও গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে।কলকাতা পুলিশ জানাচ্ছে; রবিবার যাঁদের জরুরি প্রয়োজনে কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াত করতে হবে, বিশেষত যাঁরা বিদ্যাসাগর সেতু ব্যবহারের পরিকল্পনা করেছিলেন, তাঁদের আগে থেকেই বিকল্প রুট ও অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোবেন। এমনটাই পরামর্শ দিয়েছে প্রশাসন। অপ্রয়োজনীয় যানজট ও ভোগান্তি এড়াতে ওইদিন হাওড়া ব্রিজ বা অন্যান্য বিকল্প পথ ব্যবহার করাই সাধারণ মানুষের জন্য সবচেয়ে সুবিধাজনক ও সময়সাশ্রয়ী হবে।
২৮শে জুন রোববার' বারো ঘন্টা বন্ধ থাকবে 'বিদ্যাসাগর সেতু'