তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে ক্ষোভ দলেরই একাংশের। দলের সাংসদের বিরুদ্ধে কোথাও সাঁটানো হচ্ছে পোস্টার আবার কোথাও মাইকে দেওয়া হচ্ছে শতাব্দী হটাও স্লোগান। ওয়াকফ সংশোধনী বিল পাশের দিন সংসদে উপস্থিত না থাকার জন্য বীরভূম জেলা জুড়ে শতাব্দী রায়ের বিরুদ্ধে এহেন ক্ষোভ।বীরভূম জেলার বিভিন্ন জায়গায় ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে আন্দোলন করছে বিভিন্ন মুসলিম সংগঠন। আন্দোলনে সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে পোস্টার হাতে নিয়ে মিছিলে হাঁটল বিভিন্ন মুসলিম সংগঠন। সিউড়িতে ওয়াকফ বিলের বিরোধিতা করে হাঁটা মিছিলে এমনই পোস্টার লক্ষ্য করা গিয়েছে। রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক রামপুরহাটের শ্রীকৃষ্ণপুর গ্রামেও পোষ্টার টাঙ্গিয়ে দেওয়া হয়েছিল।পোস্টারে শতাব্দীর ছবি লালকালি দিয়ে কেটে দেওয়া হয়েছে। তবে এগুলিকে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করেছেন তৃণমূল নেতা।সংসদে ওয়াকফ সংশোধনী বিলের ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি সাংসদ শতাব্দী রায়। তাঁর দাবি অসুস্থতার কারণে তাকে স্যালাইন নিতে হয়েছিল। তাই বিল পাশের দিন তিনি সংসদে উপস্থিত থাকতে পারেননি। এনিয়ে বীরভূম লোকসভা কেন্দ্রের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে। কোথাও পড়েছে পোস্টার তো কোথাও স্লোগানে তুলেছেন ‘শতাব্দীকে মানছি না মানব না’। আবার কোথাও স্যালাইন এমপি দুর হটো এই শ্লোগানও দেওয়া হয়েছে। রামপুরহাটে পড়েছে পোস্টার। তৃণমূল নেতাদের উপস্থিতিতেই উঠছে স্লোগান, হাতে পোস্টার।৯ এপ্রিল মুরারইয়ের বিধায়ক মোশারফ হোসেন, তৃণমূলের ব্লক সভাপতি বিনয় ঘোষদের উপস্থিতিতেই স্লোগান ওঠে ‘শতাব্দীকে মানছি না মানব না’। মিছিল শেষে মৌলবি তাসির শেখ বলেছিলেন, “সংসদে ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করে ভোট দিয়েছেন ২৩২ জন। কিন্তু তাঁরা সকলেই মুসলিম সাংসদ নন। হিন্দু সাংসদরাও ভোট দিয়েছেন ওয়াকফ বিলের বিরুদ্ধে। যে আমাদের সাথ দেয়নি তাদের আমরা সেকুলার বলে মানব না। সাংসদ (শতাব্দী রায়) কেন যাননি দল জিজ্ঞেস করবে। মুসলমান জিজ্ঞেস করবে, সমাজ জিজ্ঞেস করবে কেন আপনি ভোটাভুটিতে গেলেন না। আমরা জিজ্ঞেস করতে যাব না। আমরা নিজেদের জমি রক্ষা করতে এসেছি”।রামপুরহাটে শতাব্দীর পোস্টারে লালকালী দিয়ে কেটে প্রশ্ন করা হয়েছে ‘এই দ্বিচারিতা কেন’? সংসদে ওয়াকফ সংশোধনী বিলে ভোট দানে অনুপস্থিত থেকে আমাদের মাননীয়া সাংসদ কাদের উপকার করলেন’?এবার সিউড়িতে ওয়াকফ মিছিলে হাতে হাতে মিলল শতাব্দীর লালাকালিতে কাটা পোস্টার। শুক্রবার সিউড়ি ইদ্গাহা থেকে ওয়াকফ বিলের বিরোধিতা করে মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণ করেন তৃণমূল নেতা কাজি ফৈজুদ্দিন। তিনি বলেন, “মিছিলে কারা শতাব্দীর পোস্টার নিয়ে হাঁটল সেটা আমরা জানি না। কিছু চ্যাংড়া ছেলে এসব করতে পারে। তারা আমাদের কেউ নয়। আমাদের দাবি ওয়াকফ সংশোধনী বিল বাতিল করতে হবে”।মুসলিম সংগঠনের নেতা মুফতি সিরাজুল ইসলাম বলেন, “আমরা এই আইন মানছি না। তাই আমরা মিছিল সংগঠিত করেছি। এতকিছুর পরেও শতাব্দী রায়ের বক্তব্য, আমি সেদিন অসুস্থ্য ছিলাম। তাই সংসদে উপস্থিত থাকতে পারিনি। তবে বীরভূমের উন্নয়নে আমি কি কি কাজ করেছি সেটা বীরভূমের মানুষ জানেন।
