৫ টেস্টের সিরিজে এই মুহূর্তে ২-১ এগিয়ে ইংল্যান্ড। ম্যানচেস্টারে জিতে সিরিজ জিততে মরিয়া বেন স্টোকসের দল। এই পরিস্থিতিতে ৩৫ বছর বয়সী স্পিনার লিয়াম ডসনকে দলে শামিল করল তারা। যিনি দেশের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন ৮ বছর আগে। শোয়েব বশিরের পরিবর্তে দলে নেওয়া হয়েছে তাঁকে।
ভারতের বিরুদ্ধেই অভিষেক হয়েছিল ডসনের। ২০১৬ সালের চেন্নাই টেস্টে ইংল্যান্ডের জার্সিতে প্রথমবার নামেন তিনি। এরপর ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার টেস্ট খেলেছিলেন। সার্বিকভাবে ডসন মাত্র ৩ টি টেস্ট খেলেছেন আজ পর্যন্ত। ঝুলিতে মাত্র ৭ উইকেট। তবে স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও বেশ কার্যকর তিনি। সে কারণেই ৮ বছর পর দলে ফেরানো হল তাঁকে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
লর্ডস টেস্টে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন শোয়েব বশির। এরপর ঝুঁকি নিয়ে তাঁকে শেষদিন বল করানো হলেও সিরিজ থেকে ছিটকে যান বশির। ইতিমধ্যেই তাঁর অস্ত্রোপচার হয়েছে। ফলে এক রকম বাধ্য হয়েই প্রথম একাদশে নিয়ে আসা হয়েছে ডসনকে। ইংল্যান্ডের হয়ে মাত্র ৩ টি টেস্ট খেললেও ঘরোয়া ক্রিকেটে যাঁর পারফরম্যান্স যথেষ্টই ছাপ ফেলার মত। ২১২ ম্যাচে একদিকে যেমন ৩৭১ উইকেট নিয়েছেন। অন্যদিকে করেছেন ১০ হাজারের ওপর রান।
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
পাশাপাশি বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন টি-টোয়েন্টি লিগ খেলে বেড়ান লিয়াম ডসন। আর সেই কারণেই ম্যানচেস্টার টেস্টে তাঁকে দলে নেওয়া নিয়ে উচ্ছ্বসিত ইংরেজ ব্যাটার হ্যারি ব্রুক। তাঁর কথায়, “বিশ্বের সমস্ত প্রান্তে সমস্ত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছেন লিয়াম। খুবই দক্ষ ক্রিকেটার। ওঁর অভিজ্ঞতা খুবই কাজে লাগবে আমাদের।”
