
লাহোর: পাকিস্তানের লাহোরে একটি সংবাদ চ্যানেলের দফতরের সামনে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন লস্কর-ই-তইবার অন্যতম প্রতিষ্ঠাতা ও হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী আমির হামজা। অজ্ঞাতপরিচয় একদল সশস্ত্র ব্যক্তি আচমকাই তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন হামজা। পরে তাঁর নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার সময় মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। গুলির শব্দে চারপাশে বিশৃঙ্খলা তৈরি হয় এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকে। হামলাকারীরা ঘটনার পর দ্রুত এলাকা ছাড়ে, ফলে তাদের পরিচয় এখনও জানা যায়নি।
আমির হামজা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলে কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার গুরুত্বপূর্ণ পরিকল্পনাকারী হিসেবে পরিচিত। অভিযোগ, তিনি সংগঠনের আদর্শ বিস্তার, নতুন সদস্য সংগ্রহ এবং আর্থিক কাঠামো পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। আশির দশকে আফগান সংঘর্ষে অংশগ্রহণের পর তিনি পাকিস্তানে ফিরে এসে চরমপন্থী কার্যকলাপে সক্রিয় হন বলে জানা যায়।
তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি বিভিন্ন প্রকাশনা ও লেখালেখির মাধ্যমে উগ্র মতাদর্শ ছড়িয়ে দেওয়ার কাজ করেছেন এবং একাধিক সংগঠনের কাঠামো পুনর্গঠনে ভূমিকা নিয়েছেন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তালিকাতেও তাঁর নাম রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
পাকিস্তানে সাম্প্রতিক মাসগুলোতে একাধিক নিষিদ্ধ সংগঠনের সদস্যদের ওপর একই ধরনের হামলার ঘটনা ঘটেছে। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠছে, এটি কি পরিকল্পিত অভ্যন্তরীণ সংঘর্ষ, নাকি অন্য কোনো গোষ্ঠীর প্রতিশোধমূলক অভিযান।
এদিকে পাকিস্তান প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে নিরাপত্তা সংস্থাগুলি ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। স্থানীয় রাজনৈতিক ও নিরাপত্তা মহলে এই হামলাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
হামলার প্রকৃত কারণ ও হামলাকারীদের পরিচয় নিয়ে ধোঁয়াশা থাকায় পুরো ঘটনায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।
