ক্রিকেটের বাইশ গজে তাঁর রাজত্ব আজ ইতিহাস। টেলিভিশনের পর্দায় ‘দাদাগিরি’র মধ্য দিয়ে সেই আধিপত্য আরও এক নতুন পরিচয়ে পৌঁছেছে বাংলার ঘরে ঘরে। এবার সেই জনপ্রিয়তাকে পাথেয় করেই সৌরভ গঙ্গোপাধ্যায় স্টার জলসার সঙ্গে যুক্ত হচ্ছেন এক নতুন চুক্তিতে—যা শুধু আলোচনার কেন্দ্রেই নয়, বিস্ময়েরও জন্ম দিয়েছে। জানা যাচ্ছে, প্রাক্তন ভারত অধিনায়ক চার বছরের জন্য স্টার জলসার সঙ্গে এক বিশাল অঙ্কের, প্রায় ১২৫ কোটি টাকার চুক্তিতে যুক্ত হচ্ছেন।
এই চুক্তির আওতায় আগামী জুলাই মাস থেকে শুরু হবে তাঁর দুটি নতুন শো। একটি বহুল প্রতীক্ষিত ‘বিগ বস বাংলা’, যেখানে সৌরভকে দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়। অপরটি একটি একেবারে নতুন কুইজ শো, যা তাঁর ‘দাদাগিরি’ অভিজ্ঞতার আলোকেই বিশেষ আকর্ষণ তৈরি করবে বলে মনে করছেন অনেকে। উল্লেখযোগ্যভাবে, এই চুক্তির শর্তানুযায়ী ২০২৬ সালের জুলাই পর্যন্ত সৌরভকে আর জি বাংলার পর্দায় দেখা যাবে না।
টেলিভিশনে এত বড় অঙ্কের চুক্তি বাংলায় এই প্রথম। এ একরকম মাইলফলক, যা বাংলা বিনোদন জগতের বাণিজ্যিক সম্ভাবনার এক নতুন দরজা খুলে দিচ্ছে। সৌরভের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা যে এখনও একইরকম অটুট, তা আরও একবার প্রমাণিত হলো এই ঘোষণার মধ্য দিয়ে।
এই নতুন অধ্যায় নিয়ে দারুণ উচ্ছ্বসিত সৌরভ নিজেও। তিনি জানিয়েছেন, “মানুষের সঙ্গে সংযোগ বজায় রাখার অন্যতম শক্তিশালী মাধ্যম টেলিভিশন। স্টার জলসার সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। দুটি নন-ফিকশন শো সঞ্চালনার মাধ্যমে আবার দর্শকদের সামনে আসতে পারাটা আমার কাছে বিশেষ অভিজ্ঞতা হতে চলেছে। আমি সবসময়ই মানুষের সঙ্গে সংযোগে থাকতে ভালোবাসি—এবারও সেই মনোভাব নিয়েই ফিরছি।”
এখন শুধু সময়ের অপেক্ষা। দর্শক চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব পর্দায় ফিরুক তাঁদের প্রিয় ‘মহারাজ’। আবারও এক নতুন ভূমিকায়, নতুন উপস্থাপনায় তিনি কীভাবে মন জয় করেন, তা দেখার অপেক্ষায় এখন গোটা বাংলা। ‘দাদাগিরি’র সৌরভ এবার কতটা ‘বিগ বস’ হয়ে ওঠেন, তা সময়ই বলবে। তবে শুরুতেই যেভাবে উত্তেজনা তৈরি হয়েছে, তাতে একথা বলাই যায়—দর্শক ফের একবার বাজি ধরেছেন সৌরভের ওপরেই।
