দিব্যেন্দু মজুমদার, হুগলি
সারা রাজ্যে এই প্রথম উত্তরপাড়া কোতরং পুরসভা পরিচালিত ‘মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্র’ হাসপাতালে মেডিক্লেম ব্যবহার করে রোগীরা চিকিৎসা পরিষেবা পাবেন। এদিন হাসপাতালের একটি ভেন্টিলেটর ও ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধন অনুষ্ঠান থেকে এই পরিষেবার কথা ঘোষণা করা হয়। এর ফলে আগামী দিনে বহু মানুষ এই চিকিৎসা পরিষেবার সুফল ভোগ করতে পারবেন।
সারা রাজ্য জুড়ে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা নিয়ে মানুষ ভিন্ন মত পোষণ করেন। এইরকম পরিস্থিতিতে উত্তরপাড়া কোতরং পুরসভা পরিচালিত এই হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ড চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ১৫ হাজার রোগী এই চিকিৎসা পরিষেবা পেয়েছেন। ২০২৪-২৫ আর্থিক বর্ষেই শুধু ২৯৫৮ জন স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা পরিষেবা পেয়েছে যা নিঃসন্দেহে সাফল্যের দাবি করে। উত্তরপাড়া কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানান মেরিলীন গ্রুপ নামে একটি কোম্পানি তাদের এই হাসপাতালকে উন্নত চিকিৎসার জন্য একটি ভেন্টিলেটর ও একটি ডিজিটাল এক্স-রে মেশিন দিয়েছেন। আজকে তারই উদ্বোধন অনুষ্ঠান থেকেই ২৪ টি মেডিক্লেম কোম্পানিকে এই হাসপাতালের চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত করা হয়। এই ধরনের উদ্যোগ বর্তমানে রাজ্যে প্রথম। এর ফলে আগামী দিনে স্বাস্থ্য সাথী কার্ড ছাড়াও ২৪টি বিভিন্ন মেডিক্লেম কোম্পানির কার্ড যাদের রয়েছে তারাও তাদের সেই মেডিক্লেম কার্ড ব্যবহার করে হাসপাতাল থেকে চিকিৎসা পরিষেবা পাবেন। স্বাভাবিক ভাবেই পুরসভা পরিচালিত হাসপাতালে মেডিক্লেম চালু করায় খুশি এলাকার মানুষ। তারা জানান অনেক হাসপাতাল ও নার্সিংহোম সব ধরনের মেডিক্লেম কার্ড নিতে চায় না। সেক্ষেত্রে উত্তরপাড়া থেকে তাদের অনেকটা পথ পেরিয়ে রোগীকে নিয়ে কলকাতার হাসপাতালগুলিতে যেতে হয়। কিন্তু উত্তরপাড়া পুরসভা পরিচালিত হাসপাতালে এই পরিষেবা পাওয়া গেলে আগামী দিনে বহু মানুষ উপকৃত হবেন।
Leave a comment
Leave a comment
