প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির আসনে বসলেন ওরাকল কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। এভাবে তিনি ইলন মাস্কের প্রায় এক বছর দীর্ঘ সময় ধরে দখলে থাকা বিশ্বের ধনীর তালিকায় শীর্ষ আসন দখল করলেন।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, নিউ ইয়র্ক সময় সকাল ১০টা ১০ মিনিটে এলিসনের সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৩৯৩ বিলিয়ন ডলারে। মাত্র একদিনেই তাঁর সম্পদ বেড়েছে ১০১ বিলিয়ন ডলার, যা এই সূচকের ইতিহাসে সবচেয়ে বেশি একদিনের বৃদ্ধি। অন্যদিকে ইলন মাস্কের বর্তমান সম্পদ ৩৮৫ বিলিয়ন ডলার।
ইলন মাস্ক প্রথমবার বিশ্বের শীর্ষ ধনী হয়েছিলেন ২০২১ সালে। পরে তিনি অ্যামাজনের জেফ বেজোস এবং এলভিএমএইচের বার্নার্ড আর্নল্টের কাছে শীর্ষ স্থান হারান। গত বছর তিনি ফের সেই আসন পুনরুদ্ধার করেন এবং প্রায় ৩০০ দিনের বেশি ধরে রেখেছিলেন।
৮১ বছর বয়সি এলিসন বর্তমানে ওরাকলের চেয়ারম্যান ও চিফ টেকনোলজি অফিসার। তাঁর প্রায় পুরো সম্পদই এই সফটওয়্যার কোম্পানির শেয়ারের সঙ্গে যুক্ত। এবছর মঙ্গলবার পর্যন্ত ওরাকলের শেয়ার ইতিমধ্যেই ৪৫ শতাংশ বেড়েছিল। বুধবার আবার কোম্পানি প্রত্যাশার চেয়ে ভালো ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করলে এবং তাদের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ব্যবসার আক্রমণাত্মক ভবিষ্যৎ পরিকল্পনা জানালে, শেয়ার এক লাফে বেড়ে যায় আরও ৪১ শতাংশ। এটি কোম্পানির ইতিহাসে একদিনে সবচেয়ে বড় উত্থান।
অন্যদিকে টেসলার শেয়ার এ বছর এখন পর্যন্ত ১৩ শতাংশ কমেছে। তবে টেসলার বোর্ড মাস্ককে একটি বিশাল বেতন প্যাকেজ প্রস্তাব করেছে। তিনি যদি সেই এই বিশাল লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারেন, তবে হয়তো তিনি হবেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার।
