
বলিউডে প্রথম ছবিতেই বড় চমক সাই পল্লবীর। দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে ‘এক দিন’ ছবিতে কাজ করেই নিজের কাস্টিং নিয়ে এমন মন্তব্য করেছেন, যা শুনে অবাক ফিল্ম ইন্ডাস্ট্রি।
শুটিং চলাকালীন নাকি একদিন প্রযোজক আমির খানের সামনেই নিজের আপত্তি স্পষ্টভাবে জানিয়ে দেন সাই পল্লবী। তাঁর সোজাসাপ্টা বক্তব্য ছিল—এই চরিত্রটির জন্য তিনি উপযুক্ত নন, অর্থাৎ তিনি নিজেকে ‘মিসকাস্ট’ মনে করছেন।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘এক দিন’ ছবির গল্প শুরুতে তাঁর খুব ভালো লেগেছিল। মনে হয়েছিল এটি একটি ইমোশনাল ও রোমান্টিক ড্রামা, যা দর্শকদের মনে দাগ কাটবে। কিন্তু শুটিং এগোতে এগোতে তাঁর মনে হয়, চরিত্রটির সঙ্গে তাঁর ব্যক্তিত্ব বা স্ক্রিন প্রেজেন্স পুরোপুরি মানিয়ে যাচ্ছে না।
এই নিয়েই সরাসরি আমির খানকে নিজের মত জানান সাই পল্লবী। তিনি বলেন, তাঁর জায়গায় হয়তো আরও গ্ল্যামারাস বা অন্য ধরনের নতুন মুখ হলে চরিত্রটি বেশি ভালোভাবে ফুটে উঠত। তাঁর এই খোলামেলা মন্তব্যে সেটে কিছুটা চমক তৈরি হয় বলেই জানা গিয়েছে।
সাই পল্লবী আরও জানান, ওই সময় তিনি একের পর এক সিরিয়াস চরিত্রে কাজ করে মানসিকভাবে ক্লান্ত ছিলেন। তাই হালকা মেজাজের কাজ করতে চেয়েছিলেন। কিন্তু ‘এক দিন’-এর চরিত্রে গিয়ে তাঁর মনে হয়, তিনি ঠিক সেই মুডে নেই।
ছবির রিলিজের পর সমালোচকরাও খুব বেশি ইতিবাচক প্রতিক্রিয়া দেননি। অনেকের মতে, সাই পল্লবীর মতো শক্তিশালী অভিনেত্রীকে ছবিতে পুরোপুরি ব্যবহার করা যায়নি। বক্স অফিসেও ছবিটি খুব একটা সাফল্য পায়নি।
তবে ব্যর্থতা সত্ত্বেও সাইয়ের বলিউড যাত্রা এখানেই থেমে যাচ্ছে না। তিনি এখন ব্যস্ত নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির শুটিং নিয়ে, যেখানে রণবীর কাপুরের বিপরীতে সীতার চরিত্রে তাঁকে দেখা যাবে। এই চরিত্র নিয়েই এখন সবচেয়ে বেশি প্রত্যাশা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
বলিউডে প্রথম অভিজ্ঞতা নিয়ে সোজাসাপ্টা স্বীকারোক্তি করে সাই পল্লবী আবারও প্রমাণ করলেন, তিনি শুধু অভিনেত্রী নন, নিজের মত প্রকাশে সাহসীও।
