মঙ্গলবার গভীর রাতে কুম্ভমেলায় মৌনী অমাবস্যা তিথি উপলক্ষে ‘শাহি স্নান’-এর সময় পদপিষ্টের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এই দুঃখজনক ঘটনা সত্ত্বেও সকাল হতে শুরু হয় মহাকুম্ভমেলার পুনরুদ্ধার। ত্রিবেণী সঙ্গমে সাধু-সন্তুরা একে একে পুণ্যস্নান করছেন। তবে, স্নানকালে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়।
এদিন, বাবা রামদেবের সঙ্গেই সঙ্গমস্নান সেরেছেন মথুরার সাংসদ এবং অভিনেত্রী হেমা মালিনী। কিন্তু স্নান করার সময় ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভিডিওতে দেখা যায়, রামদেব স্নান করতে গিয়ে হঠাৎ মাথা ঝাপটে তাঁর লম্বা ভিজে চুল পিঠে ফেলেন। আর তখনই পিছনে দাঁড়িয়ে থাকা হেমা মালিনীসহ অন্যান্য সাধুদের মুখে রামদেবের চুলের ঝাপটা এসে লাগে। এই ঘটনা দেখে হাসি থামাতে পারেননি উপস্থিত সকলে, এবং হেমা মালিনীও রামদেবের উদ্দেশ্যে ইশারা করেন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, আর হেমা মালিনীর অনুরাগীরা মনে করছেন যে, স্নান করার সময় তিনি কিছুটা অস্বস্তিতে ছিলেন। তবে, পুণ্যস্নানের পর হেমা মালিনী বলেন, ‘‘এমন সুযোগ জীবনে আর কখনও আসেনি। পুণ্যস্নান করে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে।’’
এদিকে, শাহি স্নানের সময় পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কুম্ভমেলায়। তবে সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।
