উইসকনসিনের মিলওয়াকিতে এক ভারতীয় ছাত্রের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ধোঁয়াশা তৈরি হয়েছে। নিহত যুবকের নাম জি প্রবীণ, বয়স ২৬, যিনি তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলার বাসিন্দা ছিলেন। মিলওয়াকির একটি বিশ্ববিদ্যালয়ে তিনি মাস্টার্স করছিলেন।
বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, তাঁর দেহে গুলির চিহ্ন রয়েছে। বুধবার সকালে মার্কিন প্রশাসন পরিবারের সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনও তারা নিশ্চিত নন, তবে কিছু সূত্রের দাবি, অজ্ঞাত পরিচয়ের হামলাকারীদের গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে।
এদিকে, ঘটনার কয়েক ঘণ্টা আগে প্রবীণের মোবাইল থেকে তাঁর বাবার কাছে একটি ফোন কল গিয়েছিল। কিন্তু ভোরবেলা হওয়ায় তাঁর বাবা তা ধরতে পারেননি। পরে প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে পরিবার শোকস্তব্ধ হয়ে পড়ে।
২০২৩ সালে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যান প্রবীণ। এর আগে তিনি হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি ভারতে ফিরে পরিবারকে দেখে জানুয়ারিতে আবার মার্কিন মুলুকে যান।
এই ঘটনায় প্রবীণের পরিবার দ্রুত তদন্তের দাবি জানিয়েছে। সাম্প্রতিক সময়ে আমেরিকায় ভারতীয় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। গত নভেম্বরে খাম্মামের এক ছাত্র এবং জানুয়ারিতে হায়দরাবাদের আরেক শিক্ষার্থী একইভাবে প্রাণ হারিয়েছেন। মার্কিন প্রশাসন ঘটনার তদন্ত চালাচ্ছে, এবং ময়নাতদন্তের পর প্রকৃত কারণ প্রকাশ পাবে বলে জানা গেছে।
Leave a comment
Leave a comment
