মধ্যপ্রদেশ হাই কোর্ট বুধবার নির্দেশ দিয়েছিল, ৪ ঘণ্টার মধ্যে রাজ্যের মন্ত্রী তথা দাপুটে বিজেপি নেতা বিজয় শাহের বিরুদ্ধে এফআইআর করতে হবে হবে ডিজিকে। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েও স্বস্তি মিলল না বিজেপি নেতার। হাই কোর্টের আদেশ কার্যকর রেখে মন্ত্রীকেই কড়া ধমক দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ জানায়, ‘দেশ যখন এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তখন বিজেপি নেতার এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীন’। হাই কোর্টের এফআইআর দায়েরের নির্দেশকেও বহাল রাখে প্রধান বিচারপতির বেঞ্চ। অন্য দিকে, মধ্যপ্রদেশ হাই কোর্ট নিজে এই তদন্তে নজরদারি করবে।
সম্প্রতি একটি সভায় মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ কর্নেল সফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন হিসেবে উল্লেখ করেন। তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। কিন্তু বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকারের প্রশাসন রা কাড়েনি। শেষে স্বতঃপ্রণোদিত মামলা করে মধ্যপ্রদেশ হাই কোর্ট। সেই মামলায় বুধবার পুলিশের ডিজিকে মন্ত্রীর বিরুদ্ধে ৪ ঘণ্টার মধ্যে এফআইআর করার নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে বিজেপি নেতা বিজয় বুধবার রাতেই শীর্ষ আদালতে আপিল করেন। কিন্তু বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির বেঞ্চ হাই কোর্টের রায়ে হস্তক্ষেপ করেনি। বেঞ্চ বলেছে, ‘একজন সাংবিধানিক পদে থাকা ব্যক্তির কাছ থেকে দায়িত্বশীল আচরণই প্রত্যাশিত। তিনি এটা কী ধরনের মন্তব্য করছেন? একজন মন্ত্রীর এমন মন্তব্য করা কি শোভনীয়?’ ফলে গ্রেফতারি থেকে রেহাই মিলল না বিজয়ের।
এ দিকে, এফআইআর নিয়েও মধ্যপ্রদেশ হাই কোর্ট প্রশ্ন তুলেছে। কী অন্যায় মন্ত্রী করেছেন, তা এফআইআরে স্পষ্ট নয়। ফলে, আইনের চৌহদ্দিতে তা বাতিল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। বিচারপতি শ্রীধরন বলেন, “এতে কোনো অপরাধের উপাদানই নেই। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন সহজেই বাতিল করা যায়।” রাজ্যকে এ নিয়ে তিরস্কার করে হাই কোর্ট জানিয়েছে, আদালতের নজরদারিতে বিজেপি নেতার বিরুদ্ধে তদন্ত চলবে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
