Jazzbaat24Bangla • Beta
দিব্যেন্দু মজুমদার, হুগলি
বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী শুক্রবার ডানকুনিতে এসে কলকাতার বিকাশ ভবনে চাকরিহারা আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার তীব্র নিন্দা করে বলেন যে ঘটনা ঘটেছে তা বর্বরোচিত, অসভ্য, নিন্দার কোন ভাষা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম করে তার দিকে আঙুল তুলে বলেন বিকেলে সব্যসাচীকে দিয়ে গুন্ডামি করিয়েছে। পরে তার রেজিস্টার্ড গুন্ডা পুলিশ দিয়ে শিক্ষকদের মার খাইয়েছে। রাতেই বিজেপি নেতৃত্ব হাসপাতালে গিয়ে আহত শিক্ষকদের দেখে এসেছেন। শুভেন্দু বলেন যেহেতু শিক্ষকরা অরাজনৈতিকভাবে আন্দোলন করছে তাই দূর থেকে আন্দোলনকারীদের উপর তাদের পূর্ণ সমর্থন রয়েছে।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন শিক্ষকরা যে ইস্যু নিয়ে অরাজনৈতিক আন্দোলন ও আইনি লড়াই চালাচ্ছেন তা চলুক। পাশাপাশি তিনি পুলিশের এই বর্বরোচিত হামলার প্রতিবাদে দলের সঙ্গে কথা বলে পথে নামার হুঁশিয়ারি দেন। শিক্ষকদের প্রতি তিনি বার্তা দেন আন্দোলনকারীরা চাইলে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া, পতাকা ছাড়া তাদের সঙ্গে থাকার জন্য তিনি সবসময় প্রস্তুত।
অন্যদিকে জন বার্লার তাকে আক্রমণ করার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন ওকে ক্ষমা চাইতে হবে। ইতিমধ্যেই জন বার্লাকে তিনি আইনি নোটিশ পাঠিয়েছেন। উনি যা বলেছেন তা প্রমাণ করতে না পারলে কোর্টে দেখা হবে। কোর্টে কি করে আইনি লড়াইয়ের মাধ্যমে হাত জোড় করে জন বার্লাকে ক্ষমা চাওয়াতে হয় সেটা শুভেন্দু অধিকারী জানেন। জন বার্লাকে হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী সোমবার তিনি তার বাড়ির সামনে কর্মসূচিতে যোগ দিয়ে বুঝিয়ে দেবেন কি করে বদমাইশকে শায়েস্তা করতে হয়। এদিন শুভেন্দু ডানকুনিতে তার সহকর্মী বিজেপি নেতা দেবাশীস মুখার্জির মেয়ে অরিজিতা মুখার্জির সিবিএসসির দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সাফল্যের জন্য তাকে ফুল, মিষ্টি ও ল্যাপটপ দিয়ে শুভেচ্ছা জানান।
