বিতর্কিত মন্তব্যের জন্য ফের সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়লেন রাহুল গান্ধী। সোমবার মামলার শুনানিতে বিরোধী নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন শীর্ষ আদালতের দুই বিচারপতি।
গালওয়ান সংঘর্ষের পর রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, চীন ভারতের ২ হাজার বর্গকিলোমিটার ভূখণ্ড দখল করে রেখেছে। অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাদের পিটিয়েছে লাল ফৌজ। সেই মন্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয় এলাহাবাদ হাইকোর্ট । ওই মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান রাহুল।
শীর্ষ আদালতে এদিনের শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং এজি মাসিহ রাহুলের আইনজীবী অভিষেক মনু সিংভিকে লক্ষ্য করে বলেন, প্রকৃত ভারতীয় হলে এমন কথা বলতেন না কংগ্রেস সাংসদ। তিনি যে দাবি করেছেন তার সপক্ষে কি কোনও যথাযথ প্রমাণ দিতে পারবেন?
আদালতের প্রশ্নের জবাবে সিংভি বলেন, সংবাদপত্রে যা প্রকাশ হয়েছে, সেটা যদি লোকসভার বিরোধী দলনেতা বলতে না পারেন, তাহলে বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক।
সিংভির বক্তব্যের প্রেক্ষিতে শীর্ষ আদালত পাল্টা প্রশ্ন করে, এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয় সংসদে না বলে বিরোধী দলননেতা কেন সোশাল মিডিয়ায় জানিয়েছেন? বাকস্বাধীনতা থাকলেই তার অপব্যবহার করা যায় না। বিচারপতি দীপঙ্কর দত্ত প্রশ্ন করেন, রাহুল কি ওখানে ছিলেন? চীন যে ভারতীয় ভূখণ্ড দখল করে আছে, তার কি কোনও প্রমাণ রয়েছে?৷ যদি প্রমাণ না থাকে তবে এই মন্তব্য কেন করেছেন?
শীর্ষ আদালতের এই মন্তব্যের পর লোকসভার বিরোধী দলনেতার পদ থেকে রাহুলের ইস্তফা দাবি করেছে বিজেপি। দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, আদালতের বক্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, রাহুল গান্ধী সেনাদের সম্পর্কেও অপপ্রচার করেছেন। রাহুলকে চীনা গুরু বলে কটাক্ষ করেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য।
তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি রাহুল। তিরস্কার করলেও শেষ পর্যন্ত রাহুলকে রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত এই মামলার শুনানি তিন সপ্তাহের জন্য স্থগিত রেখেছে সর্বোচ্চ আদালত।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
