
কলকাতার আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা করে এককালীন ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি, আহত প্রত্যেক ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে।
প্রধানমন্ত্রী দফতরের বিবৃতিতে বলা হয়েছে, এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। কেন্দ্রীয় সরকার পরিস্থিতির উপর নজর রাখছে বলেও জানানো হয়েছে।
এদিকে, অগ্নিকাণ্ডের চার দিন পরেও উদ্ধারকাজ চলছে। শুক্রবার পর্যন্ত ঘটনাস্থল থেকে ২১টি দেহাংশ উদ্ধার হয়েছে। তবে এগুলি কতজনের দেহাবশেষ, তা এখনও নিশ্চিত নয়। বারুইপুর পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আনন্দপুর থানায় এখনও পর্যন্ত ২৭ জনের নিখোঁজ সংক্রান্ত ডায়েরি নথিভুক্ত হয়েছে। উদ্ধার হওয়া দেহাংশগুলি শনাক্ত করার জন্য সেগুলি কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে এলে নিহতদের পরিচয় ও প্রকৃত মৃতের সংখ্যা স্পষ্ট হবে।
তদন্তের পাশাপাশি পুলিশি পদক্ষেপও জোরদার হয়েছে। ওয়াও মোমোর গুদামের ম্যানেজার মনোরঞ্জন শিট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে দ্বিতীয় গুদামের মালিক গঙ্গাধর দাসকেও গ্রেফতার করা হয়। সব মিলিয়ে এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন এবং বলেন, প্রশাসনের আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন ছিল। একই সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল নমুনা সংগ্রহ করে তদন্তে সহায়তা করছে।
ধ্বংসস্তূপ সরিয়ে আরও দেহাংশের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধার ও চিকিৎসার কাজ চলবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সব রকম সহায়তা দেওয়া হবে।
