Russia: রাশিয়ার আকাশে বড়সড় বিপদ এড়াল ডিএমকে সাংসদ কানিমোঝির নেতৃত্বাধীন বিশেষ প্রতিনিধি দল। পাকিস্তানের মুখোশ খুলতে একাধিক দেশে সফর করছেন সর্বদলীয় প্রতিনিধি দল। আর সেই সূত্র ধরেই রাশিয়া সফরে যান তাঁরা। কিন্তু মাঝ আকাশেই ঘুরতে হয় তাঁদের।
ড্রোন হামলার আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল মস্কো বিমানবন্দর (Moscow Airport)। যার ফলে মাঝ আকাশে দীর্ঘক্ষণ চক্কর কাটতে থাকে ভারতীয় প্রতিনিধিদের ওই বিমান।
রাশিয়াকে (Russia) লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন (Ukraine)। এরপরেই মস্কো বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। আন্তর্জাতিক এবং দেশের সমস্ত বিমান ওঠানামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এর ফলে মাঝ আকাশেই আটকে পড়ে কানিমোঝির নেতৃত্বে বিশেষ প্রতিনিধি দলকে নিয়ে যাওয়া বিশেষ বিমান। ল্যান্ডিংয়ের অনুমতি চাওয়া হলেও তা দেয়নি মস্কো বিমানবন্দর কতৃপক্ষ। ফলে মাঝ আকাশেই চক্কর কাটতে হয় বিশেষ ওই বিমানকে।
যদিও এহেন ঘটনার দীর্ঘক্ষণ পর বিমানবন্দরে সুরক্ষিত ভাবে অবতরণ করে ওই বিমান। জানা যায়, বিমানে থাকা ডিএমকে সাংসদ সহ সমস্ত দলের প্রতিনিধিরাই ঠিক আছেন। জানা যায়, বিমানবন্দরে ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন রাশিয়ার ভারতীয় দূতাবাসের আধিকারিকরা। শুধু তাই নয়, নিরাপদে হোটেল পর্যন্ত পৌঁছেও দেন।
বলে রাখা প্রয়োজন, অপারেশন সিঁদুরের পরেই পাকিস্তানের মুখোস খুলতে বিশ্বের একাধিক দেশে সর্বদলীয় প্রতিনিধি দলকে পাঠানোর সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী সরকার। সেই মতো রাশিয়া, স্পেন গ্রিস সহ একাধিক দেশেও যাবেন প্রতিনিধি দলের সদস্যরা। আর এই দলকে নেতৃত্ব দিচ্ছেন ডিএমকে সাংসদ কানিমোঝি।
এই প্রতিনিধি দলে রয়েছেন সমাজবাদী পার্টির রাজীব রায়, ন্যাশনাল কনফারেন্সের মিয়াঁ আলতাফ আহমেদ, বিজেপির ব্রিজেশ চৌতা, আরজেডির প্রেম চাঁদ গুপ্ত সহ আরও অনেকে। জানা যায়, সবাই এক বিমানেই ছিলেন। এহেন ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন সমস্ত সাংসদরা। শুধু তাই নয়, ঘটনার জেরে নির্দিষ্ট সময়ের অনেক পড়ে রাশিয়ায় পৌঁছন তাঁরা।
