ডান পায়ের পাতায় গুরুতর চোটের জেরে চলতি টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। শুধু চলতি টেস্ট কেন, ঠিক কবে নাগাদ পন্থ মাঠে ফিরতে পারবেন সেটাই এখন প্রশ্ন। বোর্ডের তরফ থেকে সরকারিভাবে ঘোষণা করা না হলেও জানা গিয়েছে, ভারতীয় উইকেট কিপারকে আপাতত মাস ছয়েকের বিশ্রামের নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। ফলে বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থা দেখতেই হচ্ছে বিসিসিআইকে।
বুধবার ভারতীয় ইনিংসের ৭৮ তম ওভারে ডান পায়ের পাতায় চোট পান পন্থ। ক্রিস ওকসের ইয়র্কার বল সুইপ করতে গিয়েছিলেন তিনি। বলটি ব্যাটের কানায় লেগে সজোরে আছড়ে পড়ে ডান পায়ের গোড়ালির ঠিক নিচে। এ সময় ব্যাথায় রীতিমত ছটফট করতে দেখা গিয়েছে শুভমন গিলের ডেপুটিকে। ঠিক করে পা ফেলতেও পারছিলেন না তিনি। ফিজিও এসে পরীক্ষা দেখেন, পন্থের পা ফুলে গিয়েছে। ক্ষতের দাগ ছাড়াও রক্তের দাগ দেখতে পাওয়া যায় সেখানে।
মনে করা হচ্ছে, পন্থের ‘মেটাটারসাল ফ্র্যাকচার’ হয়ে থাকতে পারে। অর্থাৎ পায়ের পাতায় পাঁচটি হাড়ের মধ্যে কোনও একটিতে চিড় ধরে থাকতে পারে। এই অবস্থায় বাধ্য হয়েই পন্থের বিকল্প ক্রিকেটারের কথা ভাবতে হচ্ছে বোর্ডকে। শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে ওভালের পঞ্চম টেস্টের আগেই দলে যোগ দিতে পারেন ভারতীয় ক্রিকেটের অন্যতম ‘অবাধ্য ছেলে’ ঈশান কিশান। যদিও সিরিজের শুরু থেকেই দলে রয়েছেন ধ্রুব জুরেল। ওভালে তাঁর খেলার সম্ভাবনাই বেশি। তবু বোর্ড কোনও ঝুঁকি না নিয়ে দলে বাড়তি উইকেটরক্ষক রাখতে চাইছে বলে শোনা যাচ্ছে।
গত ২০২৩ সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অভিষেক হওয়ার পর এখনও পর্যন্ত মাত্র ২ টি টেস্টই খেলেছেন ঈশান কিশান। কিন্তু উচ্ছৃঙ্খল জীবন যাপনের কারণে গত বছর বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ করেন তিনি। বোর্ডের নির্দেশ সত্ত্বেও তিনি ঘরোয়া ক্রিকেটে অংশ নেননি। যদিও এই মুহূর্তে তিনি ব্যস্ত ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে। মনে করা হচ্ছে, সেই কারণেই হয়ত তাঁকে আরও একটি সুযোগ দিতে চাইছে বিসিসিআই। জানা গিয়েছে, হেড কোচ গৌতম গম্ভীরের সম্মতিতেই ঈশানের সঙ্গে কথা বলেছেন নির্বাচক প্রধান অজিত আগরকার। যদিও পাশাপাশি এও শোনা যাচ্ছে, পুরোপুরি ফিট নন ঈশান।
