এক অভূতপূর্ব সন্ধিক্ষণের সাক্ষী হয়ে থাকল রবিবারের ওল্ড ট্রাফোর্ড। একদিকে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের হাত ধরে ম্যানচেস্টারে এক ঐতিহাসিক রূপকথা লিখল টিম ইন্ডিয়া। অন্যদিকে শেষ বিকেলে বিতর্কে জড়ালেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। অভিযোগ, তিনি চাননি জাদেজা এবং সুন্দর নিজেদের শতরান পূর্ণ করুন। তাই দুই ভারতীয় ব্যাটার যখন তিন অঙ্কের দোরগোড়ায়, তখন ইচ্ছাকৃতভাবে ড্রয়ের প্রস্তাব রাখেন।
ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনেও এই বিতর্ক ধাওয়া করে স্টোকসকে। জিজ্ঞেস করা হয়, তিনি কি ইচ্ছাকৃতভাবেই দুই প্রতিপক্ষ ব্যাটারের শতরান আটকাতে চেয়েছিলেন? জবাবে জাদেজা এবং সুন্দরের ভূয়সী প্রশংসা করলেও নিজের অবস্থান থেকে একচুল সরেননি ইংল্যান্ডের অধিনায়ক। বরং সটান জানিয়ে দেন, ১০টা রান বেশি না করলে কিছু বদলে যেত না।
রবিবার যেভাবে ম্যাচ বাঁচিয়েছেন ওয়াশিংটন এবং জাদেজা, তাতে তাঁদের শতরান প্রাপ্যই ছিল বলে মনে করেন গুরু গম্ভীর। তবে এ বিষয়ে স্টোকসের মত কিছুটা ভিন্ন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমাদের জেতার সুযোগ ছিল। কিন্তু জাদেজা আর সুন্দর দুর্দান্ত খেলে আমাদের জয় আটকে দিল। আমার মনে হয়, কঠিন পরিস্থিতিতে ৮০-৯০ অপরাজিত থেকে ম্যাচ বাঁচানোর যে তৃপ্তি তা শতরানও দিতে পারে না।”
এরই সঙ্গে দুই ভারতীয় ক্রিকেটারের উদ্দেশ্যে যোগ করেছেন, “তোমরা দলের জন্য কী করেছ সেটা দেখো। তোমরা নিজেরাও জানো, ১০ রান কম করলেও কিছু এসে যেত না। কঠিন পরিস্থিতিতে সিরিজ জয়ের হাত থেকে দলকে বাঁচিয়েছ তোমরা। এর গুরুত্ব কখনওই শতরান দিয়ে মাপা যায় না।” আরও বলেন, “আমাদের বোলাররা চেষ্টা করেছে। কিন্তু একটা সময় দেখলাম, ড্র ছাড়া আর কোন ফলাফল সম্ভব নয়। সেই পরিস্থিতিতে পেসারদের ওপর চাপ দিতে চাইনি আমি। চাইনি ওরা চোট পাক। সেই কারণেই ১৫ ওভার আগেই ড্রয়ের প্রস্তাব দিই।” ইংরেজ অধিনায়কের এমন মন্তব্যের সমালোচনা করেছেন সুনীল গাভাসকর, মাইকেল ভন সহ প্রাক্তন ক্রিকেটাররা।
