কানাডার পিটারবরো শহরে এক ভারতীয় দম্পতিকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ। তারপরেই শ্রীঘরে যুবক। ঘটনাটি ঘটেছে ২৯ জুলাই, ল্যান্সডাউন প্লেস মলের পার্কিং লটে। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিয়োতে দেখা যায়, একটি পিকআপ ট্রাকে থাকা তিন তরুণ ভারতীয় দম্পতির গাড়ি আটকে রেখে অশ্লীল ভাষা, বর্ণবিদ্বেষী মন্তব্য এবং অশালীন ইঙ্গিত করছে। অভিযোগ অনুযায়ী, দম্পতির গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে তারা কথা বলতেই অভিযুক্ত কিশোররা “বিগ নোজ” এবং “তুমি *** ইমিগ্র্যান্ট” বলে অপমান করে। এর মধ্যে একজন “গাড়ি থেকে নেমে দেখ তোকে মেরে ফেলব” বলে ওই ভারতীয়কে হুমকি দেয়।
আরেকটি ভিডিয়োতে এক তরুণকে বলতে শোনা যায়, “এই বিগ নোজ, জানো তো তোমার গাড়ির সামনে দাঁড়ানো বেআইনি নয়। আমি কি তোমাকে ছুঁয়েছি? হ্যাঁ কি না?”এ সময়ও বর্ণবিদ্বেষী গালি দেয় ওই অভিযুক্তরা।
এই ঘটনার খবর পাওয়া মাত্রই তদন্ত করে পুলিশ ১৮ বছর বয়সি এক যুবককে গ্রেপ্তার করে। তার বাড়ি কাওয়ার্থা লেকসে। তার বিরুদ্ধে মেরে ফেলা এবং শারীরিক আঘাতের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। জামিনে মুক্তি পাওয়া এই অভিযুক্তকে আগামী ১৬ সেপ্টেম্বর আদালতে হাজির হতে হবে।
যদিও কানাডায় এই ধরনের ঘটনার জন্য আলাদা করে “হেট ক্রাইম” অভিযোগ নেই, পুলিশ জানিয়েছে আদালতে এটির বর্ণবিদ্বেষীর দিক বিবেচনা করা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পিটারবরো পুলিশের প্রধান স্টুয়ার্ট বেটস বলেন, “ভিডিয়ো দেখলেই বোঝা যাবে, এ ধরনের আচরণ কোনও সম্প্রদায়েই গ্রহণযোগ্য নয়।” তিনি এ ধরনের ঘটনা দেখলে পুলিশের কাছে রিপোর্ট করার আহ্বান জানান।
