
ইডেনে ভরাডুবির দায় কি একমাত্র হেড কোচ গৌতম গম্ভীরের? প্রশ্ন তুললেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়ের কাছে টার্নার চেয়েছিলেন গম্ভীর। চতুর্থ ইনিংসে ১২৪-ও তাড়া করতে না পেরে তার খেসারত দিয়েছে দল। এর পর থেকেই কাঠগড়ায় গম্ভীর। কিন্তু বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এসে বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন সীতাংশু। তাঁর সাফ দাবি, কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গম্ভীরকে আক্রমণ করে যাচ্ছেন। যা একেবারেই ঠিক নয়।
টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচের কথায়, “এখন যে কোনও বিষয়ে গৌতম গম্ভীর, গৌতম গম্ভীর করা হচ্ছে। আমি কথাটা বলছি কারণ, আমিও ভারতীয় টিমের একজন স্টাফ। আর এই পুরো ব্যাপারটা আমার যথেষ্ট খারাপ লাগছে। এটা ঠিক নয়।’’ এরই সঙ্গে যোগ করেন, “আমার তো এটাই মনে হয় যে, কয়েকজন বিশেষ উদ্দেশ্য নিয়ে গম্ভীরকে এ ভাবে আক্রমণ করছেন। যাঁরা এ সমস্ত করছেন, তাঁদের প্রতি আমার শুভেচ্ছা থাকল। কিন্তু এটা অনুচিত।’’
সীতাংশুর বক্তব্য, দল হেরেছে ক্রিকেটাররা ভাল পারফরম্যান্স করতে না পারায়। তার জন্য শুধু গম্ভীরকে দোষ দেওয়ার মানেই হয় না। বলেন, “কেউ কিন্তু এ রকমটা বলছে না, অমুক ব্যাটার ওটা করেছে। তমুক বোলার সেটা করেছে। বা ব্যাটিংয়ের ক্ষেত্রে কী কী করা উচিত? পুরো দায়টাই চাপিয়ে দেওয়া হচ্ছে গম্ভীরের উপর। অথচ ও কিন্তু সকলের সামনেই বলে দিল যে, ইডেনে ওই রকম উইকেট ও নিজেই চেয়েছিল। গম্ভীর বলছিল, সে কিউরেটরের উপর দায় চাপাতে চায় না। তাই নিজেই দায় নেবে।’’
