ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের উত্তেজনার পর পরিস্থিতি আপাত শান্ত। সোমবার ভারত সরকার উত্তর ও পশ্চিম সীমান্তের ৩২টি বিমানবন্দর খুলে দেওয়ার কথা জানিয়েছে। কেন্দ্রীয় সরকার ১৫ মে পর্যন্ত ওই অঞ্চলে আকাশসীমা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। তবে, শনিবার নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা কমানোর সিদ্ধান্তের পর এই বিমানবন্দরগুলোতে আবারও অসামরিক বিমান চলাচল শুরু হল।
ভারতীয় বায়ুসেনার নির্দেশে সাময়িক ভাবে বন্ধ করা বিমানবন্দরগুলি আবার চালু হওয়ার ফলে দেশে বিমান চলাচল আবার স্বাভাবিক হতে শুরু করেছে। সরকারের এই পদক্ষেপে ঘরোয়া এবং আন্তর্জাতিক বিমান চলাচলের উপর গত কয়েক দিন ধরে চলে আসা বিপুল চাপ কমবে বলেই আশা।
‘এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া’ বা ‘এএআই’ বিবৃতিতে জানিয়েছে, ‘১৫ মে ২০২৫-এর সকাল ৫টা ২৯ মিনিট পর্যন্ত অসামরিক বিমান চলাচলের জন্য সাময়িক ভাবে বন্ধ থাকা ৩২টি বিমানবন্দর এখন থেকে অসামরিক বিমান চলাচলের জন্য খুলে দেওয়া হল।’
একই সঙ্গে, এয়ারপোর্টস অথরিটি যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সাথে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতে এবং সংশ্লিষ্ট এয়ারলাইনের ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দিয়েছে। এয়ারপোর্টস অথরিটি আরও জানায় যে, উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দরের জন্য জারি করা ‘নোটিস টু এয়ারম্যান’ বা ‘নোটাম’ আপাতত বাতিল করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির আবহে প্রথমে ২৪টি বিমানবন্দর বন্ধ করা হয়েছিল, পরে তা বাড়িয়ে ৩২টিতে পৌঁছায়।
চালু হওয়া বিমানবন্দরগুলোর তালিকায় রয়েছে— অমৃতসর, জয়সলমের, জামনগর, যোধপুর, আদমপুর, অম্বালা, অওয়ান্তিপুরা, ভাটিন্ডা, ভূজ, বিকানের, হলওয়ারা, হিন্ডন, জম্মু, কান্ডলা, কাংগ্রা, কেশোদ, কিশনগড়, কুলু-মানালি (ভুনতার), লেহ, লুধিয়ানা, মুণ্ডরা, নালিয়া, পঠানকোট, পটিয়ালা, পোরবন্দর, রাজকোট, সরসাওয়া, শিমলা, থোইসে এবং উত্তরলাই।
ভারত ও পাকিস্তানের মধ্যে শনিবার উত্তেজনা কমানোর সিদ্ধান্তের পর পাকিস্তানেও অসামরিক বিমান চলাচল শুরু হয়েছে। সে দেশের আকাশসীমার ওপর বিধিনিষেধও তুলে নেওয়া হয়েছে। সব মিলিয়ে, চূড়ান্ত উত্তেজনার পর আবার স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় মরিয়া দেশ।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
