গত ২০২১ সালের আইপিএল চলাকালীন ঘটেছিল ঘটনাটি। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা দীপক চাহার ম্যাচের পর গ্যালারিতে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তাঁর বর্তমান স্ত্রী জয়াকে। যে ঘটনা হইচই ফেলে দিয়েছিল নেট দুনিয়ায়। এ বার আরও একবার দীপক চাহার আর তাঁর স্ত্রী জয়ার প্রেমকাহিনি ভাইরাল সামাজিক মাধ্যমে।
শুক্রবার ইনস্টাগ্রামে একটি মজার পোস্ট দিয়েছেন চাহার। যেখানে মজা করেই লিখেছেন যে, তিনি তাঁর স্ত্রীর জন্মদিন ভুলে গিয়েছেন। অবশ্য এর সঙ্গেই তিনি যোগ করেছেন যে, স্ত্রী জয়া তাতে কিছু মনে করেননি। কারণ, সারা দিনে ৯০ ওভার ফিল্ডিং করার পর এমন ভুল যে হতেই পারে সেটা তিনি বুঝতে পেরেছিলেন। উল্লেখ্য, বর্তমানে দলীপ ট্রফিতে খেলছেন চাহার। খুব সম্ভবত সেই ম্যাচের কথাই তিনি বলেছেন বলে মনে করা হচ্ছে।
এর পাশাপাশি অবশ্য সামাজিক মাধ্যমেই স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন চাহার। লিখেছেন, “শুভ জন্মদিন, ভালবাসা। আমি সবাইকে বলতে চাই যে আমার স্ত্রী কতটা বিবেচনা সম্পন্ন মানুষ। কারণ আমি ওর জন্মদিন ভুলে গিয়েছিলাম। কিন্তু তবুও ও আমাকে ক্ষমা করে দিয়েছে। কারণ ও বুঝতে পেরেছিল যে ৯০ ওভার ফিল্ডিংয়ের পর এমনটা ঘটতেই পারে। তবে পরের বার আমি মনে রাখব।”
২০২১ সালের ৭ অক্টোবর পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ শেষে দীপক চাহার স্ট্যান্ডে গিয়ে কালো পোশাক পরিহিতা জয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে অবাক করে দেন সকলকে। এই সময় কাছাকাছি যারা উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে ছিলেন এমএস ধোনির স্ত্রী সাক্ষীও। দু’জনকে অভিনন্দন জানান তিনি। চাহার ইনস্টাগ্রামে সেই মুহূর্তে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। ক্যাপশনে লেখেন, “বিশেষ মুহূর্ত।” উল্লেখ্য, সম্প্রতি ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ও শেষ টেস্টের আগে চাহারকে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ঘাম ঝরাতে দেখা গিয়েছে।
