
কলকাতা: ভোটের ফল প্রকাশ এখনও বাকি, কিন্তু তার আগেই ভবানীপুর কেন্দ্রের সম্ভাব্য ফলাফল নিয়ে বিস্ফোরক পূর্বাভাস দিলেন বিজেপি প্রার্থী Suvendu Adhikari। আত্মবিশ্বাসী সুরে তিনি দাবি করেছেন, গণনার শুরুতে এগিয়ে থাকবেন তিনিই, মাঝের কয়েকটি রাউন্ডে এগিয়ে যেতে পারেন Mamata Banerjee, তবে শেষ পর্যন্ত জয় নিশ্চিত বিজেপির।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, প্রথম ও দ্বিতীয় রাউন্ডে তিনি লিড পাবেন। তাঁর বক্তব্য, “তৃতীয়, চতুর্থ ও পঞ্চম রাউন্ডে মুসলিম অধ্যুষিত বুথে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকবেন। কিন্তু ষষ্ঠ-সপ্তম রাউন্ড থেকে আমি ব্যবধান কমাতে শুরু করব এবং শেষ পর্যন্ত ২০ রাউন্ডের মধ্যে জয় নিশ্চিত করব।” তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
উল্লেখ্য, গতবারের নির্বাচনে নন্দীগ্রাম ছিল হটস্পট, আর এবারের বিধানসভা ভোটে সেই জায়গা নিয়েছে ভবানীপুর। ভোট শুরুর আগেই তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছিল। কখনও পতাকা ছেঁড়ার অভিযোগ, কখনও স্লোগান যুদ্ধ সব মিলিয়ে উত্তপ্ত ছিল পরিস্থিতি। ভোটের দিনও দুই শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে ওঠে।
এই কেন্দ্রেই সরাসরি মুখোমুখি হয়েছেন শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী Mamata Banerjee। ফলে রাজনৈতিক গুরুত্বও কয়েকগুণ বেড়ে গিয়েছে। ভোটের দিন শুভেন্দুকে বিভিন্ন বুথে সক্রিয়ভাবে দেখা গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে তেমন দেখা যায়নি এই বিষয়টিও রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে।
ভোট পর্ব শেষ হতেই শুরু হয়েছে নতুন বিতর্ক—স্ট্রংরুমে ইভিএম নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কড়া ভাষায় সতর্ক করে বলেন, “ইভিএমে কারচুপি হলে তা মেনে নেওয়া হবে না, প্রয়োজনে জীবন-মরণ লড়াই হবে।” পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দুও। তাঁর বক্তব্য, এসব অভিযোগ আসলে পরাজয়ের আশঙ্কা থেকেই করা হচ্ছে।
ফল ঘোষণার আগেই ভবানীপুর কেন্দ্রকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। এখন দেখার, শুভেন্দু অধিকারীর এই আত্মবিশ্বাসী ভবিষ্যদ্বাণী আদৌ বাস্তবে মেলে কিনা, নাকি শেষ হাসি হাসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ মে-র ফলাফলই দেবে সেই উত্তর।
