ওভাল টেস্টের পর ফলাফল শেষ পর্যন্ত যাই দাঁড়াক না কেন, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একজন সিরিজ সেরার পুরস্কার পাচ্ছেনই। বিলেতের মাটিতে আয়োজিত টেস্ট সিরিজের রীতিই তাই। এখানে বরাবর দু’দল থেকেই একজন করে সেরা খেলোয়াড় বেছে নেওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতীয়দের মধ্যে কার হাতে উঠবে মধ্যে সিরিজ সেরার শিরোপা? শুভমন গিল?
এখনও বাকি একটি টেস্ট। তার আগেই চলতি সিরিজে ৭২২ রান করে ফেলেছেন ভারত অধিনায়ক গিল। কাজেই, আপাতদৃষ্টিতে তাঁর থেকে বড় দাবিদার আর কেউই নন। তবে যদি ধারাবাহিকতার প্রসঙ্গ ওঠে তা হলে অধিনায়ককে নিশ্চিতভাবেই জোর টক্কর দিচ্ছেন রবীন্দ্র জাদেজা। সেই সঙ্গে এও প্রমাণ করে দিচ্ছেন, কেন এখনও তিনি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার।
গিল যতই ৭০০ এর অধিক রান করুন না কেন, চলতি সিরিজে জাদেজা তাঁর থেকেও ধারাবাহিক। রবিবাসরীয় ম্যানচেস্টারে ওয়াশিংটন সুন্দরকে সঙ্গী করে এক অমর মহাকাব্য রচনা করেছেন জাড্ডু। হাঁকিয়েছেন বিলেতের মাটিতে নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। কিন্তু এই ইনিংসটি বাদ দিলেও আগের ৫ ইনিংসে ৪ বার হাফ সেঞ্চুরির গণ্ডি টপকেছেন। ম্যানচেস্টারের প্রথম ইনিংস বাদ দিলে এজবাস্টন এবং লর্ডসের পরপর ৪ ইনিংসে ৪ টি হাফ সেঞ্চুরি।
সব মিলিয়ে এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে গড়ে ফেলেছেন এক অকল্পনীয় নজির। এই প্রথম কোনও এশীয় ক্রিকেটার টেস্টে টানা ৬ ইনিংসে পাঁচবারই অন্ততঃ হাফ সেঞ্চুরির গণ্ডি পার করলেন। অন্যদিকে সার্বিকভাবে আপাতত ৮ ইনিংসে জাড্ডুর সংগ্রহ ৪৫৪ রান। পাশাপাশি বিলেতের পরিবেশে, যেখানে স্পিনারদের জন্য কখনওই সেভাবে বিশেষ সুবিধা থাকে না, সেখানেও চলতি সিরিজে তাঁর নামের পাশে ৭ উইকেট এখনও পর্যন্ত।
এ হেন ধারাবাহিক অলরাউন্ড পারফরম্যান্সের পর যদি অধিনায়ক গিলের পরিবর্তে জাদেজাকেই সিরিজের সেরা হিসেবে বেছে নেওয়া হয়, তা হলে কি তা সত্যিই অন্যায্য হবে? চলতি সিরিজে গিলের ব্যাট থেকে ইতিমধ্যেই এসেছে ৪টি শতরান। যদি ওভালে পঞ্চম আসে, তা হলে হয়ত কিছু বলার থাকে না। কিন্তু যদি তা না হয়, তা হলে কিন্তু অ্যাডভান্টেজ জাদেজাই। অবশ্য তাঁকেও নিজের জাত চেনাতে হবে আরও একবার।
